
মোঃ মিজানুর রহমান: মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সংবাদ সংগ্রহের সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জাামান লিটনের বাধার মুখে পড়েছেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি আব্দুর রশিদ মোল্লা।
১৪ জুন সোমবার দুপুরে পেশাগত কাজে সংবাদ সংগ্রহের জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন তিনি। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে হাসপাতালের নামযুক্ত সাইনবোর্ড ও হাসপাতালটির সামনের চিত্র মোবাইলের ক্যামেরায় ধারণ করার সময় হঠাৎ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জাামান লিটন বাধা দেন। এসময় সাংবাদিকদের নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক মন্তব্যও করেন তিনি। ভিডিও করার জন্য সাংবাদিককে রীতি মত জেড়া করতে থাকেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
ডাঃ আশরাফুজ্জাামান লিটন বলেন, হাসপাতাল ক্যাম্পাসে কোনো ধরনের ছবি ভিডিও করতে হলে তার অনুমতি নিতে হবে আগে। অনুমতি ছাড়া ভিডিও করা যাবেনা বলেও জানান তিনি।
সর্বসাধারণের জন্য উম্মুক্ত জায়গায় ভিডিও করতে তার অনুমতি নিতে কেন হবে জানতে চাইলে তিনি সাংবাদিকদের নিয়ে কটুক্তিমূলক কথা বলতে শুরু করেন। সাংবাদিকদের নানান অপবাদ দিতে দিতে উনার গাড়ি চড়ে দুপুর ২: ৩৫ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার এমন স্বৈরাচারী আচরণে হতভম্ব হয়েছেন সাধারন জনগণ ও সচেতন সাংবাদিক মহল।
উল্লেখ্য এই স্বাস্থ্য কর্মকর্তার একের পর এক স্বৈরাচারী আচরণে অতিষ্ট হয়ে উঠেছে সাধারন জনগণ। বিগত সময়ে সরকারি অ্যাম্বুলেন্স থেকে সাপে কাঁটা শিশু রোগীকে নামিয়ে দিয়ে ব্যক্তিগত কাজে অ্যাম্বুলেন্স ব্যবহার করার মত গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও হাসপাতালে প্রতিনিয়ত চুরির ঘটনার পিছনেও এই স্বাস্থ্য কর্মকর্তার হাত রয়েছে বলে মনে করেন সচেতন নাগরিক মহল।