
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৫০০ পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে উপজেলার চরপাড়া এলাকার পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আবুল কালাম আজাদ উপজেলার হরিশপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরপাড়া এলাকায় মাদক পাচারের খবর পেয়ে চরপাড়া পুলিশ ক্যাম্পের এসআই মুকুল রঞ্জন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন আবুল কালাম আজাদকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হরিণাকুন্ডু থানার ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে হরিণাকুন্ডু থানায় সোপর্দ করা হয়।