স্বাভাবিক জীবনে ফিরতে চান জাহিদ হাসান, শৈলকুপায় সংবাদ সম্মেলন
প্রকাশিত:
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
৪৪
বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার: মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ঝিনাইদহের শৈলকুপার দেবতলা গ্রামের জাহিদ হাসান। এ সময় তিনি রাজনৈতিক প্রতিহিংসা, হয়রানিমূলক মামলা ও বিভিন্ন অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন।
রোববার (৯ আগস্ট) শৈলকুপার দেবতলা গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহিদ হাসান লিখিত বক্তব্যে বলেন, একসময় তিনি ‘আচড় মাল্টিমিডিয়া’র স্বত্বাধিকারী ছিলেন। ক্যামেরা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরবর্তীতে বিভিন্ন পরিস্থিতিতে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।
তিনি দাবি করেন, পরবর্তীতে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও নানা ধরনের বাধার মুখে পড়তে হয়। তার অভিযোগ, মাসোহারা না দিলে প্রশাসনের হয়রানির শিকার হতে হয়েছে। এছাড়া একের পর এক মাদক মামলায় কারাবাসের কারণে তার পরিবার আর্থিক সংকটে পড়ে।
জাহিদ হাসানের ভাষ্য, মামলায় গ্রেপ্তার ও কারাবাসের কারণে সংসারে অভাব-অনটন দেখা দেওয়ায় তিনি চাইলেও মাদক ব্যবসা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেননি। তবে বর্তমানে তিনি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতের ভুল ও কর্মকাণ্ড থেকে বের হয়ে সমাজের স্বাভাবিক জীবনে ফিরতে তিনি প্রশাসন, সাংবাদিক ও সমাজের সচেতন মানুষের সহযোগিতা কামনা করছেন।
এ সময় তিনি তার বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা ও অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং ন্যায়সংগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক মামলার অভিযোগ তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান তিনি।
জাহিদ হাসানের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।