
বাংলাদেশ ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর মফিজুল ইসলাম (নাম) নামে এক দিনমজুরের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার হরিণদিয়া গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মফিজুল ইসলাম উপজেলার হরিণদিয়া ঝামাঘাটা পাড়ার মসলেম উদ্দিনের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, চার দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মফিজুল। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি পুকুরে স্থানীয়রা লাশ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পরিবারের সদস্যদের দাবি, মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।